দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় খাবার হলো দোসা। রাস্তার পাশে কিংবা বড় বড় রেস্তরাঁয় দোসার কদর ভীষণ। আর এই দোসার সঙ্গে খাওয়া হয় নানান রকমের চাটনি ও ভুনা। একটি খেতে খুবই সুস্বাদু। তাই ছুটির দিনে ঘরেই তৈরি করতে পারেন এই দোসা। তৈরি করাও খুব সহজ। যাতে করে আর বাইরে গিয়ে খেতে হবে না ইন্ডিয়ার দোসা খাবার।চলুন তবে জেনে নেয়া যাক দোসা তৈরি রেসিপিটি- উপকরণ: সুজি আধা কাপ, ময়দা দেড় টেবিল চামচ, চালের গুঁড়া দেড় টেবিল চামচ, তেল দেড় টেবিল চামচ, লবণ স্বাদ মতো, জল এক কাপ, জিরা এক চা চামচ আস্ত, হিং এক চিমটি, কারি পাতা তিন থেকে চারটি, ধনিয়া পাতা কুচি দেড় টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি দুই চা চামচ, পেঁয়াজ কুচি ইচ্ছে মতো, তেল হালকা পরিমাণ, মাখন বা ঘি দোসার জন্য। প্রণালী: প্রথমে সুজি, চালের গুঁড়া, ময়দা, লবণ ও জল একত্রে মিশিয়ে নিন। একেবারে পাতলা ব্যাটার হবে। এবার প্যানে তেল গরম করে এতে আস্ত জিরা ফোঁড়ন দিন। জিরা ফুটে গেলে কারি পাতা ও হিং দিয়ে দিন। এই মিশ্রণটি আপনার ব্যাটারে ঢেলে দিন ও ভালো করে মেশান। এবার বাকি উপকরণগুলো মিশিয়ে নিন। তাওয়ায় তেল মাখিয়ে ব্যাটার থেকে মিশ্রণ ঢালুন গরম তাওয়ায়।(তাওয়া বড় এবং ছড়ানো হলে ভালো হয়) ব্যাটার মাঝখানে দিয়ে চামচের উল্টো দিক দিয়ে ছড়িয়ে দিন। দোসা অনেকটা চাপটির মতোই চেহারা হবে। বেশি ফাঁক থাকলে অল্প ব্যাটার দিয়ে শুন্য স্থানগুলো ভরে দিন। উপর থেকে তেল, ঘি বা মাখন ছড়িয়ে নিন(না দিলেও চলবে)। মাঝারি হিটে ধৈর্য নিয়ে রান্না করুন কয়েক মিনিট। দোসা ক্রিস্পি হয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন। এবার নামিয়ে পরিবেশন করুন গরম গরম দোসা।